ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সরকার ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিয়েছে। বর্তমান সরকার নারীবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। এই সরকার নারী উন্নয়নে কাজ করছে।’
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত বদিউল আলম একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারী শিক্ষায় প্রধানমন্ত্রীর আগ্রহের ব্যাপারে আনিসুল হক বলেন, ‘নারীরা যাতে করে বিয়ের পরও ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করতে পারে সে ব্যবস্থা সরকার করবে।’
কলেজ গভর্নিং বডির সভাপতি এ কে এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ।
আলোচনা সভার আগে মন্ত্রী ব্যক্তি উদ্যোগে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বদিউল আলম একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

