গাইবান্ধা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। সব সময় তার কল্যাণ কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মকাণ্ডেও তিনি খুশি। আর তাই সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই পেতৃক সূত্রে পাওয়া সব জমি লিখে দিলেন প্রধানমন্ত্রীর নামে।
পাঠক, বলছিলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার দরিদ্র কৃষক রফিকুল ইসলামের কথা। যিনি পৈতৃক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমির সবটুকুই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দান করে দিয়েছেন।
গত ৫ মে মঙ্গলবার দুপুরে সাঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দানপত্র দলিলের মাধ্যমে এ জমি প্রধানমন্ত্রীর নামে দান করেন তিনি।
কৃষক রফিকুল ইসলামের বরাত দিয়ে সাব-রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধ এবং জঙ্গি তৎপরতা বন্ধসহ সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও তার মহতি গুণাবলীর প্রতি অঘাধ ভালোবাসা দেখিয়ে তিনি নিজের ইচ্ছায় তিন শতাংশ জমি প্রধানমন্ত্রীর নামে দানপত্রে দলিল করে দিয়েছেন। দলিল দাখিলের দিনেই তা অনুমোদন দেয়া হয়েছে। যার নম্বর-২০৬৭।
দানকারী কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য প্রতিদানস্বরূপ আমার বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিটুকুই তাকে দান করে দিলাম। এখানে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।’
এ ব্যাপারে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বকুল জানান, তার ইউনিয়নের সতীতলা গ্রামের আবুল হোসেন প্রধানের ছেলে রফিকুল ইসলাম একজন দরিদ্র কৃষক। বাবার কাছ থেকে তিনি সতীতলা মৌজায় তিনি ৩ শতাংশ জমি পান। পরে সেই জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দান করেন তিনি।
দান করে দেয়া জমির বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে বলেও জানান চেয়ারম্যান সাইফুল ইসলাম।

