গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে এক বখাটে।
শনিবার ভোর রাত তিনটার দিকে ঘরের ভিতর ঢুকে তার উপর এসিড ছুড়ে মারে পালিয়ে যায় ওই বখাটে। দগ্ধ আখি বাকচী পাখি (১৭) সদর উপজেলার কৃষ্ণপুর সপ্তপল্লী মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুবাস বাকচীর মেয়ে।
অ্যাসিড সন্ত্রাসের শিকার কলেজ ছাত্রী পাখিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মুখোমণ্ডল, হাত, গলাসহ শরীরের ১০ শতাংশ ঝলছে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসাধীন কলেজ ছাত্রী আখি বাকচী ও তার মা মমতা বাকচী জানিয়েছেন, তাদের পার্শ্ববর্তী ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের বখাটে ছেলে রথিন ঘোষ (২৫) দীর্ঘ দুই বছর ধরে প্রেম নিবেদন করে আসছিলেন। পরে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু, আখি বা তার পরিবার সে প্রস্তাব না মেনে নেয়ায় কয়েকবার হুমকি ধামকিও দিয়েছে ওই বখাটে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মুরব্বীদের নিয়ে শালিস বৈঠকও হয়েছে।
কিন্তু, তারপরও এর সমাধান না হওয়ায় মামা বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর গিয়ে আখি পড়াশোনা শুরু করে। ধান কাটার মৌসুম হওয়ায় মাকে সাহায্য করতে আখি মামা বাড়ি থেকে নিজেদের বাড়িতে যায়। এ সুযোগে বখাটে রথিন ভোর রাত ৩টার দিকে হোগলা পাতার বেড়া কেটে কৌশলে ঘরের মধ্যে ঢুকে করে এসিড ছুড়ে পালিয়ে যায়।
ভোর সাড়ে ৪টার দিকে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

