রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-বাঘা রুটে দ্বিতল বিআরটিসি বাস বন্ধ ও রাজশাহী-নওগাঁ রুটে সিএনজি চালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার বেলা পৌনে ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, বেলা পৌনে ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর আগে প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। সেখানে রাজশাহী-বাঘা রুটে বিআরটিসি দোতলা বাস বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবার থেকে আবারও বাস চলাচল শুরু হলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডাকে।
এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হওয়ায় বেকায়দায় পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তাদের অভিযোগ, যাত্রী সাধারণের ভোগান্তির কথা বিবেচনা না করেই নিজেদের স্বার্থে ধর্মঘট ডেকে আসছে পরিবহন মালিক-শ্রমিকেরা। নিজেদের দাবি আদায়ে তারা যাত্রীদের জিম্মি করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান যাত্রীরা।
এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

