কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে ছয়টি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের কাছে পেরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনের চাকা লাইনচ্যুতির ফলে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে ঢাকা, সিলেটসহ দেশের ৬টি রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
পূর্বাঞ্চলীয় রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি পেরুল এলাকা অতিক্রম করে যাওয়ার সময় ২টি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার তৎপরতা শুরু করেছে।
এদিকে, কুমিল্লা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সফিকুর রহমান জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন কুমিল্লায় এবং কসবা ও আখাউড়ায় আটকে আছে চট্টলা, পাহাড়িকা ও কর্নফুলী ট্রেন।

