নিজস্ব প্রতিবেদক : বর্ষবরণে টিএসসিতে নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনার দীর্ঘ ২৪ দিন অতিবাহিত হলেও এর কোনো সুরাহা করতে পারেনি প্রশাসন। তদন্ত কমিটি গঠন করা হলেও কার্যত তারা অথর্ব, তারাও কোনো পদক্ষেপ নিতে পারেনি। এমনটাই দাবি আন্দোলনকারী ছাত্র ইউনিয়ন নেতাদের। প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তাই ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র ইউনিয়ন নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাবি শাখা সভাপতি লিটন নন্দী বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীর বিরুদ্ধে নিপীড়নের ঘটনা অহরহই ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
তিনি বলেন, ‘আমরা দৃষ্টান্ত চাই। এ ঘটনায় জড়িতদের এবং তাদের অবহেলাকরীদের শাস্তি চাই। সেই সাথে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই।’ এসময় তিনি তাদের ৬ দফা দাবির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ১০ মে রোববার ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল ও ঢাবি শাখা সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

