লাইফস্টাইল ডেস্ক : পুডিং সব সময়ই মজার খাবারের তালিকায় প্রথম সারিতে থাকে। নিজেদের খাওয়াসহ উৎসব আয়োজনে অতিথি আপ্যায়নে পুডিং থাকা চাই-ই। সুস্বাদু এই খাবারে ব্যবহৃত সব উপকরণের পুষ্টিমানও থাকে অক্ষুণ্ণ। তাই আদর্শ খাবার পুডিং ছোট-বড় সবার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সেই পুডিং যদি ভ্যানিলা আর আমের স্বাদে ভরপুর হয় তাহলে তো কথায় থাকে না। চলছে আমের মৌসুম, তাই কোনোমতেই অসাধারণ এই স্বাদ থেকে বঞ্চিত হওয়া নয়। আসুন শিখে নেয়া যাক আমের পুডিং এর সহজ রেসিপি।
যা যা লাগবে
চার কাপ পাকা আমের টুকরো, ১ কাপ চিনি, আধা চা চামচ দারুচিনি গুঁড়া, এক কাপ ময়দা, এক চা চামচ বেকিং সোডা, আধা কাপ দুধ, আধা কাপ গলানো মাখন, ভ্যানিলা আইসক্রিম, পরিমাণমতো লবণ।
যেভাবে করবেন
দুধ, ময়দা, সোডা, লবণ ও মাখনের সঙ্গে অবশিষ্ট আধা কাপ চিনি ভালো করে মেশান। মিশ্রণটি পুডিং এর বাটিতে রাখুন। মিশ্রণের ওপর কাটা আম, আধা কাপ চিনি, দারুচিনি গুঁড়া একসঙ্গে ব্লেন্ড করে ঢেলে দিন। এবার বড় একটি কড়াইয়ে ফুটন্ত পানির মধ্যে বসিয়ে দিন। একটানা ৩০ মিনিট ধরে জ্বালাতে থাকুন। খেয়াল রাখবেন যেন পানি শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে আবার পানি দিয়ে দিন। পুডিং এর বাটি নামিয়ে দেখে নিন ভালোভাবে জমাট বেধেছে কিনা। প্রয়োজনে আরও কিছুক্ষণ জ্বাল দিতে পারেন। পুডিং হয়ে গেলে ঠাণ্ডা করে আইসক্রিমের সঙ্গে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার আমের পুডিং।

