নিজস্ব প্রতিবেদক : নিজের সাফল্যের বিষয়ে শতভাগ আশাবাদী চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের মূল সমস্যা জলবদ্ধতা উল্লেখ করে আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা দীর্ঘ দিনের। এ সমস্যা স্বল্প সময়ে সমাধান করা যাবে না। জলাবদ্ধতা নিরসনে নালা ও নর্দমার ধারণ ক্ষমতা বাড়াতে হবে। নতুন নালা-নর্দমা তৈরি করতে হবে। সেই সঙ্গে দখলকৃত সকল খাল পুনরুউদ্ধার করতে হবে। আমি পাঁচ বছরের মধ্যে জলবদ্ধতা দূরীকরণে শতভাগ আশাবাদী।’
আগের দুই নির্বাচিত মেয়রের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কে কি করেছেন, করেননি সে বিষয়ে আমি কিছু বলবো না। তবে ১৯৯৫ সালে চট্টগ্রামের ২০ বছর মেয়াদী মাস্টারপ্লান হাতে নেয়া হয়েছিল। যা চলতি বছর শেষ হচ্ছে। কিন্তু এ মাস্টারপ্লানের কিছুই বাস্তবায়ন হয়নি। আবার বাদও দেয়া হয় নি। আমি দীর্ঘ মেয়াদী প্রকল্প নিয়ে চট্টগ্রামবাসীর সমস্যা দূর করার চেষ্টা করবো।

