নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ অন্নয় হাসান রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার গোলাম মোস্তুফা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে তার নিজ বাসা থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নরসিংদী সরকারি কলেজ ও খালপাড় এলাকায় দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অন্নয় হাসান রুবেল একজন পেশাদার সন্ত্রাসী। তিনি অস্ত্র ব্যবসায় জড়িত থাকতে পারে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


