লাইফস্টাইল ডেস্ক : লবণ আমাদের কাছে বিশেষভাবে পরিচিত খাবারকে নোনতা করার উপকরণ হিসেবে। কিন্তু এই লবণের রয়েছে লুকানো কিছু অসাধারণ গুণ। নিত্যদিনের কাজে ছোটখাটো নানা বিষয় আমাদেরকে ঝামেলায় ফেলে দেয়। লবণের লুকানো গুণে সে ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন জেনে নেয়া যাক লবণের কিছু উপকারী দিক সম্পর্কে।
ইস্ত্রির পোড়া দাগ তুলতে
তাড়াহুড়াই কাপড় ইস্ত্রি করতে গিয়ে মাঝে মাঝেই পুড়ে যায়। তখন ইস্ত্রির যে অংশটি কাপড়ে লাগে সেখানে কালো দাগ হয়ে যায়। হালকা রঙের কাপড়ে আবার সেই দাগ লেগে যায়। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে গরম করে নিন। এবার একটা কাগজের ওপর মোম গলিয়ে শুকিয়ে তার ওপর লবণ ছিটিয়ে নিন। এবার গরম ইস্তিরি দিয়ে মোম-কাগজটা ডলুন। কয়েকবার ইস্তিরি টানলেই দেখবেন ইস্তিরিতে চেপে বসা ময়লা দাগ গলে দূর হয়ে গেছে।
স্যাঁতস্যাঁতে দাগ দূর
মাঝে মাঝেই কাপড়, তোয়ালে বা বালিশের কভারে জমে থেকে ফাংগাস পড়া দাগ। বিকট গন্ধও আসতে থাকে। এসব দূর করতে একটু আধা কাপ লেবুর রসের সঙ্গে দুই চা চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে ময়লা দাগগুলো ভালো করে ঘষুন। এবার কাপড় ডিটারজেন্টে ভেজানোর সময় ওই মিশ্রণটি দিয়ে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
থালা বাসন ধোয়া
রান্নাঘরে ব্যবহৃত থালা বাসন পরিষ্কারে লবণ দারুণ কার্যকর। কিছুটা লবণের সঙ্গে, বেকিং সোডা আর সাধারণ ডিটারজেন্ট পাউডার বা সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণে থালা বাসন ধুলে পরিষ্কার হবে আগের চেয়েও অনেক বেশি।
তেল চিটচিটে স্পঞ্জ পরিষ্কার
ঘরবাড়ি পরিষ্কার রাখতে যে স্পঞ্জের টুকরো ব্যবহার করেন, তা যদি তেল চিটচিটে হয়ে থাকে তবে উপায় মিলবে লবণে। দুই কাপ পানিতে এক কাপ লবণ নিন। রাতের বেলায় একটা বাটিতে এই লবণ পানি রেখে তাতে স্পঞ্জের টুকরোটা ভিজিয়ে রাখুন। সকালে উঠেই দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে।
ফ্রাই প্যানের ময়লা
দীর্ঘদিনের ব্যবহারে ফ্রাই প্যানে দাগ বসে গেছে। এবার প্যানটি চুলায় বসিয়ে দিন। দাগ লাগা জায়গায় বেশি করে লবণ ছিটিয়ে দিন। দশ মিনিট অপেক্ষা করে অল্প পানি দিন। এবার ঘষে পরিষ্কার করুন, দেখবেন সহজেই সব ময়লা পরিষ্কার।
জুস বা পানীয়ের দাগ
কাপড়ে জুসের বা অন্য কোনো পানীয়ের দাগ পড়ে গেলে তা আর পরার উপযুক্ত থাকে না। তাই কাপড়ে দাগ লাগার সঙ্গে সঙ্গে একটু লবণ ছিটিয়ে দিন। পাঁচ মিনিট অপেক্ষা করে একটু ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগটা মিলিয়ে যাবে সহজেই।
পিচ্ছিল দূর
গোসলঘর যতই পরিষ্কার রাখুন না কেন কিছুদিন পর পিচ্ছিল হয়ে যায়। এমন হলে সিকি কাপ বেকিং সোডা ও সিকি কাপ লবণ নিন। ময়লাগুলো প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। এবার এই মিশ্রণটা পিচ্ছিলের ওপর ঢালুন। পনেরো মিনিট পর ঘষে পরিষ্কার করুন। এবার পান ঝকঝকে পরিষ্কার গোসলঘর।

