লাইফস্টাইল ডেস্ক : চলছে আমের মৌসুম, শুরু থেকে শেষ পর্যন্ত আমের সঙ্গে সাক্ষাতে নেই কোনো অনীহা। লবণ মরিচে আম ভর্তা, আমের আচার, চাটনি বা টক নানা অজুহাতে চাই আমের দেখা। সুস্বাদু আম শুধু ফলের পরিচয়েই সীমাবদ্ধ রাখতে রাজি নই, চাই সবজি হিসেবেও। তাই আজকের খাবার তালিকায় যোগ করে নিতে পারি টক টক স্বাদের আম চচ্চড়ি। কিন্তু তার আগে জেনে নেয়া যাক আম চচ্চড়ির সহজ রেসিপি।
যা যা লাগবে
পাতলা ফালি করা কাঁচা আম আধা কাপ, আলু ফালি আধা কাপ, ছোট মাছ ৪০০ গ্রাম, পিঁয়াজ কুচি এক কাপ, প্রয়োজনমতো কাঁচামরিচ ফালি করা, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, ধনে পাতা কুচি পরিমাণমতো, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
যেভাবে করবেন
পানি ঝরানো ছোট মাছে লবণ হলুদ মেখে রেখে দিতে হবে। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে সব গুঁড়ামসলা, লবণ, হলুদ, পিঁয়াজ কুচি, আলু দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা হলে আধা কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে ১০ মিনিট রান্না করতে হবে। পানি কমে অর্ধেক হলে কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিন। পানি শুকিয়ে এলে আবার আধা কাপ পানি ও মাছ দিয়ে ঢেকে দিন। নামিয়ে আনার দুই মিনিটি আগে ধনে পাতা দিয়ে দিন। তরকারিতে পানি শুকিয়ে তেল চকচকে হলে নামিয়ে আনতে হবে। এবার গরম ভাতের সঙ্গে পরিবশেন করুন মজার স্বাদের টক টক আম চচ্চড়ি।

