টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভুঞাপুরে বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ মামলায় ধর্ষক নজরুল ইসলামকে রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত মামলার ৩নং আসামি নজরুল ইসলামকে রিমান্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে শনিবার ভোরে তাকে গোপালপুর থেকে আটক করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরের কোনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার ৩নং আসামি। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত পহেলা বৈশাখ রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বেলটিয়াপাড়া গ্রামের এক কৃষকের দুই মেয়েকে বাবার হাত-পা বেঁধে রেখে পালাক্রমে গণধর্ষণ করে একটি ডাকাত দল। এসময় তাদের স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা এলকায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ডাকাতদের বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয়।

