লাইফস্টাইল ডেস্ক : ফুলের টব এখন আর তাকের উপর বা সমতলে থাকবে না, উড়বে রং-বেরঙের বেলুনে। ছোটদের ঘর, বসার ঘর, সিঁড়ির ঘর বা বারান্দাতে ঝুলতে পারে বাহারি ফুলগাছ, পাতাবাহার। হঠাৎ চোখ পড়তেই বাড়ির আগন্তুক ভেবে বসবেন ফুলের টব বুঝি এবার বেলুনে করে উড়াল দিতে প্রস্তুত। এমন সৌন্দর্যে বেলুন আর পছন্দের ফুল গাছের সমন্বয় ঘটাতে জেনে নেয়া দরকার ছোট্ট দুয়েকটি কৌশল।
যা যা লাগবে
বাঁশের বেলুন ফ্রেম, বাহারি রঙের কাগজ, আঠা, কাচি, পছন্দের ছোট ফুল গাছ, জুসের খালি প্যাকেট, শক্ত কাগজ।
যেভাবে করবেন
বাঁশের ফ্রেমে বাহারি রঙের কাগজ কেটে আঠা দিয়ে লাগাতে হবে। ফ্রেমে একরঙা কাগজও এটে দিতে পারেন। তাতে নিজের পছন্দ অনুযায়ী রং দিয়ে নকশাও এঁকে দিতে পারেন। একই ঘরে ব্যবহারের জন্য একাধিক নকশা বা আকারের বেলুন তৈরি করে নিতে পারেন। এবার বেলুনের উপরের দিকে ফ্রেমের সঙ্গে চিকোন দড়ি বা সুতা দিয়ে বেধে ঝুলিয়ে দিন।
এরপর খালি জুসের প্যাকেট কেটে অর্ধেক করে নিন। প্যাকেটে মাটি ভর্তি করে পছন্দের ছোট গাছ লাগিয়ে দিন। প্যাকেটের দৈর্ঘ্য-প্রস্থ অনুযায়ী শক্ত কাগজের ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেমের মধ্যে ফুলের টব বসিয়ে সুতা দিয়ে আটকে দিন। সুতার অপর প্রান্ত বেলুনের নিচের দিকে বেধে দিলেই প্রস্তুত উড়াল দেয়া ফুলের টব।

