চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী তিন মেয়রকে অভিনন্দন জানিয়েছে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে আ জ ম নাছির উদ্দীন, ঢাকা দক্ষিণ থেকে সাঈদ খোকন ও ঢাকা উত্তর থেকে আনিসুল হক মেয়র পদে জনগণের আস্থা অর্জন করে বিজয়ী হয়েছেন। এখন তাদের প্রত্যেককে দক্ষতা ও বিচক্ষণতার সাথে সকলের পরামর্শ নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করতে হবে।’
নবনির্বাচিত মেয়ররা মেধা ও যোগ্যতায় সফল হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত মেয়রদের উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ভালো কিছু করতে গেলে বাঁধা আসে এবং সমালোচনা ও বিতর্ক দেখা দেয়। তাই সৎ সাহস ও ঝুঁকি নিয়ে আমাদের এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করতে হবে যার মাধ্যমে এই তিনটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান সরকারের মুখাপেক্ষী না হয়ে আত্মনির্ভরশীল হয়ে নাগরিকদের সেবার মান বাড়াতে পারে।’
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি হঠাৎ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংকট তৈরীর ইস্যু বানাতে চায়। জনগণ ভুলে যায়নি খালেদা জিয়া অবরুদ্ধ নাটক সাজিয়ে ৯১ দিনে ১৫০ জন নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন।’
মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, ‘তথাকথিত আন্দোলনের নামে নাশকতার বিরুদ্ধে জনগণ ক্ষেপে উঠেছিল এবং হরতার-অবরোধকে বানচাল করে দিয়েছিল। তাই আমাদের এই তিন মেয়রকে নিয়ে জনবিচ্ছিন্ন কোন অপশক্তি যাতে কোন ইস্যু তৈরীর সুযোগ না পায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’
এদিকে পৃথক অভিনন্দন বার্তায় এবিএম মহিউদ্দিন চৌধুরী পত্নী ও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন নবনির্বাচিত তিন মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।

