লাইফস্টাইল ডেস্ক : রূপের বৈচিত্র্য আনতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে আমাদের সাজের ভিন্নতা থাকে। নিজেকে সাজাতে ব্যবহার করি নানা মানের নানা রঙের মেকাআপ। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকে ছাপিয়ে আমরা যখন কৃত্রিম সৌন্দের্যের উপর বেশি ঝুঁকে পড়ি তখন প্রতিরক্ষার কিছু ব্যবস্থা রাখা চাই। ত্বকের যত্ন অক্ষুন্ন রাখতে অনুষ্ঠান শেষে দ্রুত মুখ ধুয়ে ফেলা জরুরি। আর তাই মেকআপ উঠানোর উপকরণ কেমিকেল না হয়ে প্রাকৃতিক হওয়া উত্তম। আসুন শিখে নেয়া যাক ঘরে বসে প্রাকৃতিক মেকআপ রিমুভার তৈরির পদ্ধতি।
* দুধ আমাদের ত্বকের জন্য আদর্শ উপাদান। এই দুধ ব্যবহার করে খুব সহজেই আমাদের মেকআপ রিমুভার বানিয়ে নিতে পারি। সেজন্য গুঁড়ো দুধ ৪ চা চামচ এবং শসার রস ৪ চা চামচ একসঙ্গে মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো গরম পানি দিয়ে তরল পেস্টের মতো তৈরি করুন। এরপর একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। অপেক্ষা করুন ১০ মিনিট। তারপর মুখ ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে ধুয়ে ফেলুন। এতে মেকআপ উঠে যাবে এবং ত্বকও উজ্জ্বল হবে।
* ময়দা এবং টকদইয়ে তৈরি করতে পারেন অসাধারণ একটি মেকআপ রিমুভার। ময়দা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চিমটি এবং প্রয়োজনমতো টকদই নিয়ে একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করতে হবে। এবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেকআপ ত্বকের গভীর থেকে দূর হওয়ার পাশাপাশি ত্বক থাকবে সুস্থ।

