নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। সোমবার এ উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্বাস আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে চারাসহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করে সরকার কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। কৃষকবান্ধব সরকার কৃষকদের প্রতি আন্তরিক বলেই উৎপাদনের চাকা সচল রাখতে বিভিন্ন সময় ভর্তুকি, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে কৃষির উন্নয়নে সচেষ্ট রয়েছে। কৃষি পুণর্বাসন কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, কৃষি পুণর্বাসনের আওতায় কৃষকদের মাঝে ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য রবি ফসলের বীজ ও কৃষি উপকরণ সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমিতে লাগানোর জন্য স্থানীয় গাইঞ্জা জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, কৃষক-কৃষাণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

