চট্টগ্রাম প্রতিনিধি
নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে সাড়ে চারশ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তাহমিনা আক্তার (২৬), নুরজাহান বেগম (৩০) ও নাজিম উদ্দিন (২৫)। এদের মধ্যে নুরজাহান ও তাহমিনার বাড়ি টেকনাফ এবং নাজিম উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আটকৃতরা বাসে করে চট্টগ্রামে প্রবেশ করে। এ সময় শাহ আমানত সেতু এলাকায় তাদের তল্লাশি করা হলে নুরজাহান ও তাহমিনার কাছে ২০০ পিস এবং নাজিম উদ্দিনের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

