লক্ষ্মীপুর প্রতিনিধি
বিভিন্ন স্থানে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেয়ার পর এবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।
সোমবার দুপুরে চর বংশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম ফারাজির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেয়।
ইউনিয়নের মদিনা বাজারে আয়োজিত ওই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এতে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মফিজ খাঁন, সহ সভাপতি আবদুর রশিদ কবিরাজ প্রমুখ।
এ সময় শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সমাজ ও দেশের উন্নয়নে বিশ্বাসী, আওয়ামী লীগ হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করেনা। ’
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত কাসেম ফারাজি বলেন, ‘বিগত সময়ে আমরা বিএনপি করতে গিয়ে অনেক হামলা ও নির্যাতন শিকার হয়েছি। অথচ সাবেক সাংসদ আবুল খায়ের ভৃইয়াসহ অন্যান্য নেতারা আমাদের বিপদে এগিয়ে আসেনি। আমরা মনে করি, আওয়ামী লীগের সমর্থন নিয়ে এলাকার মানুষের উন্নয়নে কাজ করা সম্ভব।’
অনুষ্ঠানে বিএনপিনেতা মিছির আলী, তাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, আহম্মদ আলী, মো. আলীসহ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দেয়। এ নিয়ে পুরো ইউনিয়ন জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
উল্লেখ্য, এর আগে পাবনা, নাটোর, ঝিনাইদহ, বান্দরবান, ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলায় সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।

