বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

