নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি রাজধানীর রাজাবাজারে বিভিন্ন টেলিভিশনের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুই উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে সনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এ সময় তিনি ধর্মীয় ব্যাখ্যায় মতবিরোধের কারণে ফারুকীকে খুন করা হয়েছে দাবি করে বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে দু’টি সংগঠনকে সনাক্ত করা হয়েছে। এখন আসামি সনাক্তের কাজ চলছে।’ তবে তদন্তের স্বার্থে সংগঠন দু’টির নাম প্রকাশ করেননি ডিবির এ যুগ্ম-কমিশনার।
তাছাড়া গোপীবাগের সিক্স মার্ডারের সঙ্গে ফারুকী হত্যাকাণ্ডের মিল রয়েছে। তাই এই দুই মামলার তদন্ত একইভাবে চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১৭৪ পূর্ব রাজাবাজার মুন্সীবাড়ীর একটি চার তলা ভবনের দুই তলায় দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে থাকতেন মাওলানা ফারুকী। গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হজে যাওয়ার কথা বলে দু’জন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরপর ১৫ থেকে ২০ মিনিট পর আরো তিনজন ভক্ত পরিচয় দিয়ে বাসায় আসেন। কিছুক্ষণ পর এরা অস্ত্রের মুখে স্ত্রী-সন্তানদের ও পরিবারের অন্য সদস্যদের একটা কক্ষে আটকে রেখে ডাইনিং রুমে ফরুকীকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।

