বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় আদর্শ কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার মুক্তা, সাবেক অধ্যক্ষ মোখলেসুর রহমান এবং কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ডের সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, মহানগর বিএনপির দ্বায়িত্বপ্রাপ্ত সহ দপ্তর সম্পাদক এনামুর রশিদ চন্দন, আদনান হোসেনসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

