লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে অনন্তপুর এবং গংগারহাট বিওপির ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ ইস্কাপ সিরাপ জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে সোমবার (২ নভেম্বর) রাত ৬টা ৫০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর এবং একই রাত ৯টা ৪০মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধারিয়ারপাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অনন্তপুর বিওপির এলাকা হতে ভারতীয় গাঁজা ৬.৩কেজি এবং গংগারহাট বিওপির এলাকা হতে ইস্কাপ সিরাপ ২০টি বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩০হাজার ৫০টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

