ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কে এম সাদেক হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। হামলার সময় ওই শিক্ষকের স্ত্রীকেও মারধর, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ করেছেন স্বজনেরা। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কে এম সাদেক হোসেন উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শিরিনা আক্তার, তার স্বামী ফরিদ মিয়া, ছেলে শান্ত মিয়াসহ কয়েকজন মিলে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালান। আহত শিক্ষকের ছোট ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে তার বড় ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা সাদেক হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এ সময় তার ভাইকে দা দিয়ে আঘাত করা হলে একটি হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি। রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হননি। তারা বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধন করেন এবং তার ভাবির স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যান। হামলায় আহত হওয়ার পর সাদেক হোসেনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

