দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রবিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ডাঃ ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল প্রমুখ। সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি, যুব সমাজের কল্যাণে অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক যুবতী কে আত্নকর্মসংস্থানের জন্য প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া যুব সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা সভা শেষে পৌর পার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।

