গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। বক্তব্য রাখেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, তরুণদের চিন্তা, চেতনা ও উদ্যমই দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার অন্যতম চালিকাশক্তি। বয়স বাড়লেই মানুষ বৃদ্ধ হয় না; মানসিকভাবে যারা উদ্যমী, ইতিবাচক ও কর্মচঞ্চল, তারাই প্রকৃত অর্থে তরুণ। যুবকদের আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। এরপরে প্রশিক্ষণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং যুব ঋণের চেক বিতরণ এবং ২জনকে ২লক্ষ টাকা করে এবং ৫জনকে ৩০হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।

