বগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে ১০২ ভরি ১২ আনা স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর সকাল ১১টার দিকে বগুড়ার গালাপট্টির স্বর্ণ ব্যবসায়ী মো. খায়রুল ইসলামের পাঠানো ২৪ ক্যারেটের ১০টি স্বর্ণের বার নিয়ে তাঁর খালাতো ভাই বাপ্পি হোসেন বাসে করে জয়পুরহাটে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের উথলি এলাকায় ৩ থেকে ৪ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে বাপ্পিকে নামিয়ে মারধর করেন। পরে তাঁর কাছ থেকে স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পঞ্চগড়, দিনাজপুর ও জয়পুরহাটে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুরের সাদিকুল ইসলাম ও আলমগীর হোসেন এবং জয়পুরহাটের পাঁচবিবির রবিউল ইসলাম ও আসাদুজ্জামান শাহিদ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বর্ণ বিক্রির মোট ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমগীরের বাড়ি থেকে ২৯ লাখ, সাদিকুলের বাড়ি থেকে ১৮ লাখ এবং শাহিদের গরুর খামারের অফিসকক্ষ থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ১০টি মামলা রয়েছে। রবিউলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

