ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদাবরে নালা সংস্কারের নামে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ নয়নের অনুসারীদের বিরুদ্ধে

Link Copied!

রাজধানীর আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় নালা সংস্কার ও পানি নিষ্কাশন লাইনের কাজ জোরপূর্বক করিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা নয়ন হোসেনের অনুসারীদের বিরুদ্ধে।

কারওয়ান বাজারের মাছের আড়ত থেকে চাঁদা তোলার অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে স্থানীয়ভাবে আরও নানা অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাঁদাবাজি, জোরপূর্বক কাজের নিয়ন্ত্রণ নেওয়া এবং বাড়ি দখলের চেষ্টাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন নয়ন ও তার অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুরাবাদ হাউজিংয়ের ৬ নম্বর সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বর্তমানে সড়ক সংস্কারের কাজ চলছে। এ সড়কের ৫০ থেকে ৬০টি ভবনের নালা ও পানি নিষ্কাশন লাইনের কাজ নিজেদের পছন্দের লোক দিয়ে করাতে ভবনমালিকদের বাধ্য করার অভিযোগ রয়েছে। কাজ শেষে নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগও করেছেন বাসিন্দারা।

৬ নম্বর সড়কের ৬৯ ও ৭০ নম্বর বাড়ির নালার কাজের জন্য ৫৫ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পছন্দের মিস্ত্রি দিয়ে কাজ করাতে চাইলে কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রদল নেতা নয়নের অনুসারী পরিচয় দিয়ে চাপ সৃষ্টি করেন। অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় বাড়িমালিককে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

একই সড়কের আরেকটি ভবনের নিরাপত্তাকর্মীর অভিযোগ, অন্য মিস্ত্রিরা যে কাজ ১০ হাজার টাকায় করতে পারতেন, সেই কাজের জন্য তিন দফায় ২৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন ও সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার জসিমের নেতৃত্বে এমব্রয়ডারি কারখানা, ফুটপাতের দোকান এবং নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা তোলা হতো।

এ ছাড়া ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বাবুলের একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ ওঠে নয়ন ও জসিমের অনুসারীদের বিরুদ্ধে। বাড়িটি দখল করতে না পেরে সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে হামলার সময় স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকে ঘটনাস্থলে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মনিরুজ্জামান মজুমদার জসিম। তার দাবি, তিনি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গত মাসে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন আদাবর থানা কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দাবি করেন, আদাবরের অভিযোগের কথা বলে নয়নকে আটক করা হলেও পরে কারওয়ান বাজারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মতে, এটি একটি চক্রান্ত।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের ভিত্তিতে নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদাবরে ওঠা অন্যান্য অভিযোগও যাচাই করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।