মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দর জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করেন তিনি। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এমন ব্যতিক্রমী আচরণে উপস্থিত মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিএনএস আবু বকর’ পরিদর্শন করেন এবং নৌ ঘাঁটিতেই মধ্যাহ্নবিরতি করেন।
মধ্যাহ্নবিরতি শেষে তিনি মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

