ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক

Link Copied!

প্রবাসীদের মর্যাদা রক্ষা, বিভিন্ন সেবা সহজ করা এবং বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে কার্ডটির কার্যক্রম পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে ১১টি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। জর্ডান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবাসী কার্ডের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছে। কার্ডটি আর্থিক লেনদেনের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণেও ব্যবহার করা যাবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে বাংলাদেশের দূতাবাস, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা পাওয়া সহজ করার পরিকল্পনা রয়েছে।

প্রবাসীদের প্রধান সমস্যাগুলোর কথা তুলে ধরে নুরুল হক বলেন, পাসপোর্ট সেবায় দালালচক্র ও দুর্নীতি, বিদেশে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়া এবং দূতাবাসগুলোতে সেবা পেতে ভোগান্তি—এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং দেশে ফিরে জমিজমা-সংক্রান্ত বিরোধেও প্রবাসীদের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, দেশে ফিরে সম্পত্তি-সংক্রান্ত সমস্যায় পড়া প্রবাসীদের দ্রুত প্রতিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাত দিনের মধ্যে সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে তিন শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও কার্যকর করার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকটির কার্যক্রম সম্প্রসারণ এবং প্রবাসী কার্ডের সঙ্গে এর সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ব্যাংকটি থেকে তিন লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রবাসীদের দেশে ফিরে ব্যবসা, বাড়ি নির্মাণসহ বিভিন্ন উদ্যোগে ঋণসুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অভিবাসন খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গত তিন দশকে এ খাতে অর্জিত অভিজ্ঞতা দেশের উন্নয়ন ও অভিবাসন ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গত ৩০ বছরে রামরু ১০০টির বেশি গবেষণা পরিচালনা, ১৩টি জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে অবদান এবং দেশের ২১ জেলায় অভিবাসীদের অধিকারভিত্তিক সেবা দিয়েছে। সম্মেলনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।