ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হুইপ দুলু বলেন, বিগত ১৭ বছরে যারা গুম, খুন, নির্যাতন, ফাঁসি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অন্যায় জেল-জুলুমসহ বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করেছে এবং ব্যাংকের টাকা লুট করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে পালিয়ে গেছে, তারা এখনো বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান কোনো ধরনের প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের কাতারে এসে নিয়মতান্ত্রিকভাবে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কাজ করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতের সব রেকর্ড ভেঙে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন। বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অচিরেই এসব সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হুইপ দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাহমুদা হাবীবা সরকারের ছয় মাসের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। রমেশ দত্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

