ঢাকাSunday , 6 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে সংবর্ধনায় মির্জা ফখরুল

Link Copied!

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্‌ক্তি উদ্ধৃত করে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি নিজের গভীর টান ও দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে গতকাল ৬ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি। দুপুরে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি সেনুয়া গোরস্থানে যান। সেখানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। রাষ্ট্রপতির নিজ জেলায় আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে তাঁর নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে এবং তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো অনেকটা পিছিয়ে পড়া ও দরিদ্র। তবে এখানকার মানুষ নিজেদের প্রয়োজন ও অধিকার নিয়ে যথাযথভাবে দাবি তুলতে জানেন না। তিনি জেলার মানুষের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে হবে। এ কাজে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণরা এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, তারেক জিয়ার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিমানবন্দর স্থাপনের কাজ শুরু হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। বিদেশে কর্মসংস্থানের বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ বিদেশে যেতে চায়না। মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেওয়ার সুযোগ রয়েছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখে এবং নিয়ম মেনে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতির বক্তব্যে নিজ জেলার মানুষের প্রতি আবেগ ও ভালোবাসার প্রকাশ পায়। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া মানুষ তাঁকে নিজেদের জেলার কৃতী সন্তান হিসেবে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরসূচি অনুযায়ী, ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।