ঢাকাTuesday , 1 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা করা হচ্ছে : বিমানমন্ত্রী

বাসস
September 1, 2026 10:09 pm
Link Copied!

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়নের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর আজ বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়ন করার জন্য আমরা একত্রিত হয়েছি। বর্তমান সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাই আমাদের নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে।

উপস্থিত এয়ারলাইন্সের প্রতিনিধিগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বিধিমালা তৈরিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধার বিধানে সংশোধন আনার উদ্যোগ নেয়া হবে। এছাড়া বিমানের জটিল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, মেরামত ওভারহলের ক্ষেত্রে জটিলতা নিরসনের পদক্ষেপ গ্রহণ করা হবে। কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণপূর্বক বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার জন্য ইরোভোকেবল ডিরেজিস্ট্রেশন এন্ড এক্সপোর্ট রিকোয়েস্ট অথরাইজেশন সংক্রান্ত বিধি যুক্ত করার পদক্ষেপ নেয়া হবে।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে তিন মাস অন্তর পরিদর্শন মহড়া আয়োজন করতে হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আমরা একটি আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার এন্ড অভারহোল ইউনিট স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। সবার সহযোগিতায় আমাদের এভিয়েশন হাব তৈরির লক্ষ্য পূরণ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাগণের সামনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভায় নতুন বিধিমালা প্রণয়নে প্রস্তাবিত ধারাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি অংশীজন উপস্থিত ছিলেন।