ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিগগির প্রাথমিকের শূন্য পদে নিয়োগ: প্রতিমন্ত্রী

Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিগগির প্রাথমিকের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বেসরকারি কোনো প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে বাড়তি অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।

অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী পিটিআই সভাকক্ষে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষকদের জন্য খাতসংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পে-স্কেল তৈরির কাজও চলছে। এতে সবাই খুশি হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যেই সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক দেওয়া হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষার জন্য তৃতীয় ভাষা শিক্ষারও ব্যবস্থা করা হবে।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম।