দেশে সামনের মাসগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। তাই রোগটি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে এ গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলে সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে, তাই রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া জরুরি।
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ ও হাসপাতাল পর্যায়ে চিকিৎসা দেওয়ার সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম রাশেদ উল ইসলাম। বিএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ আরেকটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা সেমিনারে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য ও কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডি এম এম ফারুক ওসমানী সঞ্চালনায় সেমিনারে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

