প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের পরদিনই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে ।
সোমবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন সই করা এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।
পত্রে বলা হয়, রোববার (১৬ আগস্ট) সরকারি সফরে কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী। এসময় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় অনুষ্ঠিত জনসভায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি জানান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
এর পরদিনই সংশ্লিষ্টদের কাছে সরকারি নির্দেশনা পৌঁছায়। নির্দেশনায় পাকুন্দিয়ার মুনিয়ারীকান্দা থেকে দত্তের বাজার এবং মির্জাপুর থেকে টাংগাবর পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন পাঠাতেও নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ও যাতায়াতে দুর্ভোগ রয়েছে। দুটি সেতু নির্মিত হলে পাকুন্দিয়ার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

