সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) ভারতের থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজ। পরে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান। উদ্ধার হওয়া ক্রুর নাম মোঃ নাজমুল। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা।
এ সময় রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীতে পড়ে যাওয়া নাজমুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

