কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়ক পথের কুলিয়ারচরে একটি মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের টহলরত পিকআপের ওপর পড়ে পারভেজ মিয়া (৩৫) নামে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন পুলিশ সদস্য।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে কুলিয়ারচর উপজেলার দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার অধিবাসী। তিনি ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে কিশোরগঞ্জগামী কুড়া-ভূসিবোঝাই একটি মালবাহী ট্রাক দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রান্সপোর্টকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা ডিউটি পুলিশ কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অপর এক পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেইসঙ্গে দুর্ঘটনাস্থল থেকে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সহযোগিতায় নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

