লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ১০মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলার আদিতমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ জীবন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামি মোঃ জীবন মিয়া লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ভুক্তভোগী ঐ শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার জন্য একই গ্রামের জনৈক শফিকুল ইসলামের ফাঁকা বাড়ির ভেতর দিয়ে যাওয়ার সময় আসামি জীবন তাকে ডাক দেয়। ভুক্তভোগী শিশুটি তার কাছে গেলে ঐ ফাঁকা বাড়ির হাফওয়াল টিনশেড ঘরের ভেতরে নিয়ে শিশুটির পরিহিত হাফপ্যান্ট খুলে ফেলে এবং জোর করে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। অভিযুক্ত জীবন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার দাদীকে ঘটনাটি জানায় এবং প্যান্ট খুলে রক্ত দেখায়। পরবর্তীতে, শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় শনিবার (১ আগস্ট) ভুক্তভোগী ঐ শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( মামলা নং-০১)। ঘটনার পরে থেকেই আসামি জীবন আত্মগোপনে চলে যায়।

