ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কুশমাইল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কুশমাইল ইউনিয়ন পরিষদস্থ টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রে মেসার্স অয়ন চৌধুরী ট্রেডার্স, যার প্রো: মুনিরা চৌধুরী, উল্লেখ্য তিনি ডাল এবং চিনিতে পরিমাপে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সাথে সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মুনিরা চৌধুরীর মালিকানাধীন টিসিবি ডিলারশিপ প্রতিষ্ঠান মেসার্স অয়ন চৌধুরী ট্রেডার্স এর মাধ্যমে কার্ডধারী গ্রাহকদের পণ্যে ওজন কম দেওয়া হচ্ছিলো। এ সময় ডাল ও চিনিতে ওজন কম দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় ডাল কেজিতে ২’শ গ্রাম করে কম দেওয়ার হচ্ছে। অন্য দিকে চিনির মাপে একই অবস্থা লক্ষ করা যায়। অভিযান শেষে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ জানান, এখানে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে, ওজনে কম দেওয়ার অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

