জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলা পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন জামায়াত ১৯৭১ সালে কি করেছিল তারই বহিঃপ্রকাশ আমরা এখনও দেখতে পারছি। গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংসদীয় আসন বাতিলের দাবি জানান বক্তরা। একই সঙ্গে তারা জামায়াতের অতীত ভূমিকারও সমালোচনা করেন। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগম। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও থুথু নিক্ষেপ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কুশপুত্তলিকাটি আগুনে পুড়িয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

