ঢাকাMonday , 29 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যমেয়াদে ব্যাংক ঋণ কমিয়ে আনার লক্ষ্যেই এগোচ্ছে সরকার: অর্থমন্ত্রী

Link Copied!

আগামী অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যমেয়াদে ব্যাংকনির্ভর ঋণ গ্রহণ আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারি অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিকল্প অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, সরকারের অর্থায়নের চাপ কমবে এবং জবাবদিহি বাড়বে। পাশাপাশি সরকারের আর্থিক সক্ষমতা (ফিসক্যাল স্পেস) আরও শক্তিশালী হবে এবং ধীরে ধীরে এসব প্রতিষ্ঠানে সরকারি ঋণনির্ভরতা কমে আসবে।

তিনি বলেন, বন্ড মার্কেট উন্নয়ন, ইক্যুইটি ফাইনান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি, যা ব্যাংক ব্যবস্থার ওপর বেসরকারি উদ্যোক্তাদের নির্ভরতা কমবে। আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসেবে হংকং, লন্ডন ও নিউইয়র্কে কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব তহবিল চালু হলে তা দেশের আর্থিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বৈদেশিক বিনিয়োগ হিসেবে কাজ করবে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বিনিয়োগ প্রকল্পে সহায়ক ভূমিকা রাখবে।

আমি বিশ্বাস করি, সংসদ ও দেশের জনগণের আন্তরিক সহযোগিতায় আমরা অর্থনীতিকে আরও স্থিতিশীল, শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হবো।