ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলের প্রশ্নফাঁসে জড়িত ডা. সোলায়মানকে এবার ওএসডি

Link Copied!

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কিত চিকিৎসক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়নকৃত এই কর্মকর্তাকে আগামী ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৮ জুন থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ডা. সোলায়মান হোসেন মেহেদীকে জয়পুরহাট থেকে কুষ্টিয়ায় শাস্তিমূলক বদলি করা হয়। পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর তদবিরের মাধ্যমে তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পদায়ন নেন।

২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান ডা. সোলায়মান হোসেন মেহেদী। এরপর ২০২১ সালের ৭ আগস্ট তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেখানে থাকাকালীনই প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে তার নাম জড়ায়।