লাইফস্টাইল ডেস্ক : বৈশাখ বরণে চারদিকে চলে সাজ সাজ রব। এই উৎসবে নিজেকে বাঙালি আটপৌরে সাজে সামিল করতে নারীর থাকে নানা প্রচেষ্টা। আর তাই সাজের পূর্ণতা আনতে পরনে থাকা চাই সুতি শাড়ি। বাঙালি নারীর আদি রূপকে ফুটিয়ে তুলতে অফুরন্ত প্রচেষ্টার মধ্যে আবার ভিন্নতার আবেশ থাকে। নিজেকে সবার মাঝে আলাদা করতে কল্পিত নানা প্রেমময় রূপেও উপস্থাপন করতে পারেন। বাংলা সাহিত্যের আদি থেকে আজ পর্যন্ত যত উল্লেখযোগ্য নারী চরিত্রের রূপকল্পনা করা হয়েছে, অবলম্বন করতে পারেন তার একটি। তাদের রূপকে ঘিরে রচিত উপমা, অলঙ্কার আর পোশাকি সাজের বর্ণনায় সাজিয়ে নিতে পারেন নিজেকে।
– ‘ব্যথার দান’ প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে রচিত কাজী নজরুল ইসলামের একটি প্রেমের গল্প। এ গল্পের নায়িকা বেদৌরার কেউ নেই। ছোটবেলা থেকে নায়ক দারার মায়ের কাছেই বেড়ে ওঠে। মৃত্যুর আগে মা বেদৌরাকে দারার হাতে তুলে দিয়ে যান। এর পর বেদৌরার প্রতি দারার প্রেম প্রগাঢ় হয়।
– ‘বিরাজ বৌ’ বাঙালি মধ্যবিত্ত জীবনের এক করুণ কাহিনী। অর্থনৈতিক সমস্যা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, ‘বিরাজ বৌ’ চরিত্র চিত্রণের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অসামান্য রূপ ও অপূর্ব চরিত্র-গুণের অধিকারিণী বিরাজ বৌ। আপনার সাজে আনতে পারেন সে আবেশ।
– ধূসর পৃথিবীর বাসিন্দা জীবনানন্দ দাশের কবিতায় প্রেম এসেছে প্রকৃতিকে ঘিরে। তার প্রেমের জগতের নারীরা বনলতা, সুরঞ্জনা বা সুচেতনা। এমন অনেক কল্পনার নারীর প্রতীকী রূপে নান্দনিকতায় সাজিয়ে নিতে পারেন নিজেকে।
– শুধু কল্পকাহিনীর নায়িকার সাজ নয়, আধুনিক যুগের বাঙালি মেয়ের সাজেও মানিয়ে নিতে পারেন নিজেকে। অধিক মাত্রায় কাপড় আটকানোর পিন ব্যবহারে আটোসাটো স্টাইলেও আপনাকে খারাপ দেখাবে না। এলো বা বেধে রাখা চুলে গুজে নিতে পারেন পছন্দের কোনো ফুল। মূলত, যে সাজে স্বাচ্ছন্দ্য পাবেন সেটিই আপনার জন্য উপযুক্ত।

