ঢাকাWednesday , 13 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারীকে ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

Link Copied!

সুন্দরবনের বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে এক হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ শিকারী চক্র। হামলায় আহত হয়েছেন ২ বনরক্ষী। আহতরা হলেন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আল জাবের ও নৌকা চালক অপূর্ব কুমার সাহা। আহতরা মঙ্গলবার (১২ মে) রাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ওইদিন বিকেল তিনটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ার খাল এলাকায়। এ ঘটনায় বুধবার (১৩ মে) দুপুরে শিকারী দলের মূল হোতা চরদুয়ানী এলাকার মৃত হাকিম রাজার ছেলে কুদ্দুস রাজাসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে শরণখোলা থানায় মামলা দায়ের করেছে বনবিভাগ। বন বিভাগ জানায়, চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আল জাবেরের নেতৃতত্বে ওইদিন (মঙ্গলবার) দুপুরে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের শূয়োরগুদি নামক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিলেন বনরক্ষীরা। এমন সময় ওই এলাকার বনে একদল হরিণ শিকারী দেখতে পেয়ে তাদেরকে ধরার চেষ্টা করেন তারা। শিকারীদের না পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে চলে যাওয়ার ভান করে বনরক্ষীরা অবস্থান নেন বনের আড়ালে। এর পর পরই ট্রলার নিয়ে নিরাপদ দূরত্বে থাকা শিকারীদের দলনেতা কুদ্দুস রাজা উপস্থিত হন সেখানে। বনরক্ষীরা চলে গেছে এমনটা ভেবে পলাতক শিকারীদের ট্রলারে তুলে দ্রুত চালিয়ে লোকালয়ের দিকে ছুঁটতে থাকেন। এসময় বনরক্ষীরাও তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করেন। একপর্যায় শিকারীরা ট্রলার চালিয়ে চরদুয়ানির কালিয়ার খাল এলাকায় উঠে পালানোর সময় এক জনকে ধরতে সক্ষম হন তারা। চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আল জাবেরের ভাষ্য, শিকারীকে ধরার সঙ্গে সঙ্গে তারা সংঘবদ্ধভাবে দা, লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে অজ্ঞাতনামা আটক শিকারীকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় তাদের দায়ের কোপে রক্তাক্ত জখন হন তিনি। এছাড়া পিটিয়ে গুরুতর আহত করা হয় তাদের নৌকা চালককে। এর পর আহতাবস্থায় তারা সেখান থেকে ফিরে রাতে শরণখোলা হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণ শিকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ২ বনরক্ষী। এ ব্যাপারে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।