ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের কুখ্যাত ডাকাত চক্র মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

Link Copied!

সুন্দরবনের কুখ্যাত ডাকাত চক্র ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এর অংশ হিসেবে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় চতুর্থ দফা অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল। অভিযানে মেজ জাহাঙ্গীরকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। কোস্ট গার্ডের তথ্যমতে, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র নেতৃত্ব দিয়ে সুন্দরবনে দস্যুতা, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বাহিনীতে প্রায় ১৩ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।