লালমনিরহাটে রংপুর বিভাগের ৯ (নয়) পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন হতে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত স্থাপিত স্ট্রিট লাইট-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট পৌরসভার রেলওয়ে রিক্সা স্ট্যান্ডে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ স্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমূখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারীসহ লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, লালমনিরহাটের জেলা ও উপজেলা এবং পৌরসভা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিন সন্ধ্যা থেকে ঝলমলে আলোয় জ্বলে উঠবে লালমনিরহাট পৌরসভার ১হাজার ৭শত মিটার সড়কে স্থাপিত ৫৪টি স্ট্রিট লাইট। বৈদ্যুতিক সুইচ চেপে শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
জানা গেছে, লালমনিরহাট মিশন মোড় থেকে রেলওয়ে ওভারব্রীজ পশ্চিমপ্রান্ত পর্যন্ত ৩৭টি এবং মিশন মোড় আলোকিত স্তম্ভ থেকে সার্কিট হাউজ পর্যন্ত ১৭টি মোট ৫৪টি স্ট্রিট লাইট পৌরসভা কর্তৃপক্ষ স্থাপন করেছে।
লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ৯টি ওয়ার্ডের প্রায় ২৮কিলোমিটার এরিয়াকে পর্যায়ক্রমে পৌরসভার নিজস্ব বৈদ্যুতিক খুঁটির আওতায় লাইটিং ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৩টি স্কীমে ১কোটি ২১লক্ষ ২৭হাজার ১শত ২১টাকা ব্যয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দুইটি স্কীমে ১হাজার ৭শত মিটার আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক লাইন, ৫৪টি খুঁটি স্থাপন এবং ৫৪টি স্ট্রিট লাইট লাগানো হয়েছে। এই দুইটি স্কীমের ঝলমলে লাইটিং সিস্টেমের সুইচ চেপে উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়।
তিনি আরও বলেন, বর্তমানে নেসকো পিএলসির খুঁটিতে বৈদ্যুতিক লাইট লাগিয়ে ১৮টি মিটার সংযোগের মাধ্যমে পৌরবাসীকে আলোর সেবা প্রদান করা হচ্ছে। বৈদ্যুতিক ঝুঁকিমুক্ত করতে পৌরসভার নিজস্ব প্রায় ৮শ খুঁটি স্থাপন করে সিঙ্গেল লাইনের মাধ্যমে আলোর সেবা দেয়া হবে। এ জন্য বর্তমানে আরো ৭টি মিটার সংযোগের জন্য নেসকোর নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। মাটির নিচে কংক্রিটের ফুটিংয়ের উপরে জিআই পাইপ বসিয়ে এই খুঁটিগুলো স্থাপন করা হচ্ছে।
লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান বলেন, পৌরসভার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৯টি ওয়ার্ডে নিজস্ব খুঁটির মাধ্যমে বৈদ্যুতিক আলোর সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম কয়েকটি ধাপে সমাপ্ত করা হবে।
তিনি আরও বলেন, ১৭শ মিটার আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের মাধ্যমে ৫৪টি খুঁটির মাধ্যমে স্থাপিত ৫৪টি ঝাঁরবাতির আলো জ্বলে উঠছে সোমবার সন্ধ্যায়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সুইচ চেপে দৃষ্টিনন্দন ঝাঁড়বাতির ঝলমলে আলোর উদ্বোধন করেছেন।

