বরিশাল প্রতিনিধি: জেলার আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন গৃহবধূকে নির্যাতন অভিযোগের মামলায় স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে অনিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, শাশুড়ি ও ভাসুরকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের এসআই আক্কাস আলী শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী রনজিত ও ভাসুর মনমথকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মনিন্দ্রনাথ বৈষ্ণবের ছেলে রনজিত কুমার বৈষ্ণবের সঙ্গে বারপাইকা গ্রামের কার্তিক চৌধুরীর মেয়ে অনিতার বিয়ে হয়। বিয়ের সময় অনিতার বাবা রনজিতকে এক লাখ টাকাসহ অন্যান্য মালামাল যৌতুক দেয়। বিয়ের পর থেকেই রনজিত ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য অনিতা ওপর নির্যাতন চালাত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ওই গৃহবধূর স্বামী রনজিত ও ভাসুর মনমথ পুনরায় অনিতাকে তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনতে বলে। বাবার কাছ থেকে টাকা আনতে অনিতা অস্বীকার করায় স্বামী রনজিত ও ভাসুর মনমথ অনিতাকে নির্যাতন করে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় অনিতাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

