ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 11:44 am
Link Copied!

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করছেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করছেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গত শুক্রবার রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম। অনুষ্ঠানে ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা করে মোট ১০০ বিঘা জমির জন্য প্রয়োজনীয় পরিমাণ চারা বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় জামালপুর জেলার প্রায় ৩৩,৫১৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইসলামপুর উপজেলায় প্রায় ৭,৪১৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে রোপা আমনের স্থানীয় উন্নত নাবি জাত ‘গাইঞ্জা’ জাতের ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হলো। স্থানীয় এ জাতটির জীবনকাল ১১৫-১২০ দিন এবং ৪০-৫০ দিনের চারা রোপণ করলেও হেক্টর প্রতি গড় ফলন হয় ২.৫-৩ মেট্রিক টন। এ জাতের চাউলের ভাত খেতে সুস্বাদু এবং রোগবালাই খুব কম হওয়ায় জাতটি স্থানীয় কৃষকদের মাঝে বেশ জনপ্রিয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্বাস আলী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রসারণ) মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। চারা বিতরণ অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।