নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রিংকি পোদ্দার (২০)। এ ঘটনায় তার স্বামী পার্থ পোদ্দারকে (২৮) আটক করেছে পুলিশ।
পার্থ পোদ্দারের ভাষ্যমতে, তিন মাস আগে তারা প্রেম করে বিয়ে করে। গতকাল বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। পরে রাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিংকিকে মৃত ঘোষণা করে।
তবে রিংকির মৃত্যুকে রহস্যজনক মনে করছে পুলিশ। রাতেই পার্থ পোদ্দারকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ।ঢামেক ক্যাম্পের দায়িত্বরত অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, মেয়েটির কোনো স্বজন না থাকায় ছেলের কথাবার্তা সন্দেহ হচ্ছে। এজন্য তাকে আটক করা হয়েছে। রিংকির পরিবার আসলে ব্যবস্থা নেয়া হবে।
নিহত রিংকির বাড়ি পিরোজপুরের উকিলপাড়ায় এবং পার্থ পোদ্দারের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

