মেহেরপুরের গাংনীতে নির্মাণ কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে স্যালো ইঞ্জিন চালিত ট্রলি উল্টে সাফিদুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ৬ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফিদুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়া এলাকার কায়েমউদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়। ট্রলিতে থাকা আহতরা হলেন, তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার এলাকার বিচার উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, সাদ্দাম হোসেনের ছেলে সজিব হোসেন, হারু বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন, নজরুল ইসলামের ছেলে তুহিন হোসেন , আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম এবং ভরাট গ্রামের বকুল হোসেনের ছেলে সুরুজ হোসেন । আহতদের উদ্ধার করে বামুন্দির একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় জানান, মঙ্গলবার সকালে তেরাইল বাজার থেকে সাতজন শ্রমিক স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিতে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে সাফিদুল ইসলামের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাফিদুল ইসলামের বোনের ছেলে মোমিনুজ্জামান মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ এখনো পথের মধ্যে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ অপেক্ষা করছেন।

